প্রশ্ন
শ্রদ্ধেয় রাসুল ইসা (আঃ) সম্পর্কে মুসলিম আলেমদের মনগড়া বক্তব্য আর মিথ্যাচার
শ্রদ্ধেয় রাসুল ইসা (আঃ) সম্পর্কে মুসলিম আলেমদের মনগড়া বক্তব্য আর মিথ্যাচার
মুসলিম জাতির অপদার্থ আলেম সম্প্রদায়কে প্রশ্ন
আমি নিম্নোক্ত প্রবন্ধ মুসলিম জাতির মধ্যে প্রায় দশজন আলেমকে দেখিয়েছি, তারপর উত্তর অথবা ব্যাখ্যা চেয়েছি। প্রথমেই সেই নিবন্ধটি দেখে নিন।
আলেম সম্প্রদায়ের মতে ইসা (আঃ)-এর ঊর্ধ্বগমন
মুসলিম জাতির আলেম সম্প্রদায় বলেন, ইসা (আঃ)-কে আসমানে তুলে নেয়া হয়েছে। তাঁরা কোরআনের মোট চারটি আয়াত থেকে প্রমাণ উপস্থাপন করেন।
(সুরা) আলে-ইমরান
আলেম সম্প্রদায় আলে-ইমরানের একটি আয়াত থেকে প্রমাণ উপস্থাপন করেন।
আল্লাহ তাঁর প্রেরিত রাসুল মোহাম্মদ (সাঃ)-কে বলেছেনঃ স্মরণ করুন, যখন আল্লাহ বললেন, “হে ইসা! নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নিব। অবিশ্বাসীদের কবল থেকে তোমাকে পবিত্র রাখব আর যারা তোমার আনুগত্য করেছে, তাদেরকে প্রলয় দিবস (কেয়ামত) পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দিব। তারপর আমার নিকটে তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিব, যেটা নিয়ে তোমরা মতবিরোধ করতে।” (সুরাঃ আলে-ইমরান; আয়াতঃ ৫৫)
একই আয়াতের আরেকটি আন্তর্জাতিক মানসম্পন্ন অনুবাদঃ স্মরণ করুন, যখন আল্লাহ বললেন, “হে ইসা! নিশ্চয় আমি তোমার নির্ধারিত সময়সীমা (জীবনকাল) পূর্ণ করব এবং তোমাকে আমার কাছে তুলে নিব। যারা অবিশ্বাসী - তাদের হাত থেকে তোমাকে মুক্ত করব আর তোমার অনুসারীদের শেষ দিন পর্যন্ত অবিশ্বাসীদের ওপর জয়ী রাখব। তারপর আমার কাছে তোমাদের আগমন ঘটবে। যে বিষয়ে তোমাদের মধ্যে মতান্তর ঘটেছে, তখন আমি সেটার মীমাংসা করে দিব।” (সুরাঃ আলে-ইমরান; আয়াতঃ ৫৫)
(সুরা) আন-নিসা
আলেম সম্প্রদায় আন-নিসার দুইটি আয়াত থেকেও প্রমাণ উপস্থাপন করেন।
আল্লাহ বলেছেনঃ “আল্লাহর রাসুল - মরিয়ম পুত্র - ‘ইসা’ মাসিহকে আমরা হত্যা করেছি” তাদের এই উক্তির জন্য (তাঁরা অভিশপ্ত হয়েছিল)। অথচ তাঁরা না তাঁকে হত্যা করেছে আর না ক্রুশবিদ্ধ করেছে, বরং তাঁরা ধোঁকায় পতিত হয়েছিল। তাঁরা তাঁর বিষয়ে বিভ্রান্তির মধ্যে ছিল, আর ধারণার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিলনা। এটা নিশ্চিত যে, তাঁরা তাঁকে (ইসা) হত্যা করেনি বরং আল্লাহ তাঁকে তাঁর নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭-৫৮)
একই আয়াতের আরেকটি আন্তর্জাতিক মানসম্পন্ন অনুবাদঃ (তাঁরা অভিশপ্ত হয়েছিল) তাদের এই কথার কারণে যে, আমরা আল্লাহর রাসুল - মরিয়ম পুত্র - ইসা মাসিহকে হত্যা করেছি; অথচ তাঁরা তাকে হত্যা করেনি এবং তাঁকে শূলবিদ্ধও করেনি, প্রকৃতপক্ষে তাঁরা বিভ্রান্তিতে পতিত হয়েছিল। নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তাঁরা তাঁর বিষয়ে সন্দেহের মধ্যে ছিল আর ধারণার অনুসরণ ছাড়া এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। কোনো সন্দেহ নেই যে, তাঁরা তাঁকে হত্যা করেনি বরং আল্লাহ তাঁকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত এবং মহাজ্ঞানী। (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭-৫৮)
(সুরা) আল মায়েদা
এছাড়া আলেম সম্প্রদায় (সুরা) আল মায়েদা থেকেও প্রমাণ উপস্থাপন করেন। সেখানে একটি আয়াতে মহান আল্লাহ রাসুল ইসা (আঃ)-এর বক্তব্য উপস্থাপন করেছেন।
ইসা (আঃ) মহান আল্লাহকে বলছেনঃ “যতদিন তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি ছিলাম তাদের কার্যক্রমের সাক্ষী। কিন্তু যখন আপনি আমাকে তুলে নিলেন, তখন আপনি ছিলেন তাদের কার্যক্রমের পর্যবেক্ষক, আর আপনি সকল বিষয়ের সাক্ষী।”
একই আয়াতের আরেকটি আন্তর্জাতিক মানসম্পন্ন অনুবাদঃ “যতদিন আমি তাদের সাথে ছিলাম, ততদিন আমি তাদের ওপর সাক্ষী ছিলাম। তারপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী এবং আপনি-ই তো সব কিছুর ওপরে সাক্ষী।” (সুরাঃ আল মায়েদা; আয়াতঃ ১১৭)
মহান আল্লাহ কোন কৌশলে ইসা (আঃ)-কে রক্ষা করেছিলেন?
পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছেঃ এর বাক্যসমূহ পুরোপুরি পদ্য নয়, আবার এটা গদ্যও নয়। ভাষাশৈলী বিবেচনায় এই গ্রন্থটি অনন্য এবং এই ধরনের একমাত্র উদাহরণ। কোরআনের এই বিশেষ বৈশিষ্ট্য যুগে যুগে সাধারণ মানুষ এবং গবেষকদের বিস্মিত করেছে।
এই গ্রন্থে কোনো বিষয়ের অপ্রয়োজনীয় খুঁটিনাটি অথবা অতিরঞ্জিত বর্ণনা নেই। সৃষ্টিকর্তার নির্দেশিত পথে চলার জন্য মানুষের যে নীতি এবং পদ্ধতি জানা প্রয়োজন, শুধুমাত্র সেই বিষয়গুলির স্পষ্ট বর্ণনা আছে।
আল্লাহ বলেনঃ “এটা এমন একটা গ্রন্থ - প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ হতে যার বাক্যসমূহ সুবিন্যস্ত করা হয়েছে, তারপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে, যাতে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত না কর।” (সুরাঃ হুদ; আয়াতঃ ০১ ও ০২)
সংক্ষেপে বললে - ভাষার জাদুকরী ব্যঞ্জনা, ভাবের গভীরতা এবং সংক্ষিপ্ততার দিক থেকে কোরআন এক অতুলনীয় গ্রন্থ। অদ্বিতীয় এই গ্রন্থ মহান সৃষ্টিকর্তার অলৌকিক নিদর্শন বটে।
মহান আল্লাহ কোন কৌশলে ইসা (আঃ)-কে রক্ষা করেছিলেন? এই প্রশ্নের উত্তর কোরআনে সরাসরি নেই। এই সুযোগে (তাবেউল-তাবেইনদের যুগ শেষ হওয়ার পরে তথা আদিকাল থেকেই) আলেম সম্প্রদায় নিজের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন মতবাদ প্রচার করেছেন। এই কল্পিত মতবাদসমূহ মুসলিম বিশ্বের আলেমদের নির্বুদ্ধিতার উৎকৃষ্ট উদাহরণ।
অন্য একজন ব্যক্তির চেহারা ইসা (আঃ)-এর মতো হয়ে গিয়েছিল?
আল্লাহ বলেন, “তাঁরা (ইহুদিরা) তাঁকে (ইসা) হত্যা করেনি এবং তাঁকে ক্রূশবিদ্ধও করেনি বরং তাদেরকে বিভ্রান্তিতে রাখা হয়েছিল। আর যারা এই ঘটনায় মতবিরোধ করেছিল, অবশ্যই তাঁরা - তাঁর (মৃত্যু) বিষয়ে সন্দেহের মধ্যে ছিল। এটা নিশ্চিত যে, ধারণার অনুসরণ ছাড়া এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই।” (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭)
উপরোক্ত অনুবাদটি উচ্চ মানসম্পন্ন। মুসলিম জাতির আলেম সম্প্রদায় এই আয়াতকে নিজেদের ধারণা অনুসারে অনুবাদ বা ব্যাখ্যা করতে পছন্দ করেন। অসংখ্য বাংলা তাফসির-এ দেখা যায় নিম্নরূপ অনুবাদ করা হয়েছেঃ
(তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে) এই কথা বলার কারণে, “আমরা মরিয়ম পুত্র - ইসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল।” অথচ তাঁরা না তাঁকে হত্যা করেছে, আর না শুলবিদ্ধ করেছে, বরং তাঁরা বিভ্রান্তির শিকার হয়েছিল (তাঁরা অন্য এক ব্যক্তিকে হত্যা করেছিল, যে ছিল ইসার মতো দেখতে)। বস্তুতঃ তাঁরা এই বিষয়ে বিভিন্ন রকম কথা বলে এবং তাঁরা এক্ষেত্রে সন্দেহের মধ্যে আছে। শুধুমাত্র অনুমান ছাড়া এই বিষয়ে কোনো সংবাদ-ই তাঁরা জানে না। নিশ্চয়ই তাঁরা (ইহুদিরা) তাঁকে (ইসা) হত্যা করেনি।” (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭)
(মুসলিম আলেমদের দাবি অনুসারে) যদি ইসা (আঃ)-এর স্থলে অন্য ব্যক্তিকে হত্যা করা হয়েই থাকে, তাহলে সেই ব্যক্তির সমাধি কোথায়? সেই ব্যক্তির আত্মীয়-স্বজন কেন নিরব ছিল?
ইতিহাসে এমন কোনো বিবরণ পাওয়া যায় না যে, ইসা (আঃ)-এর পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে নিশ্চিতরূপে নিহত বলে ধরা হয়েছে। এরূপ কোনো সন্দেহভাজন ব্যক্তি অথবা তাঁর সমাধির বিষয়ে জানা যায়না। শুধু কিছু পরস্পর-বিরোধী ধারণা প্রচলিত আছে, যেগুলোর পক্ষে কোনো প্রমাণ নেই।
ইসা (আঃ) মনে করে ভুলবশত তাঁর বিশ্বাসঘাতক সাহাবিকে হত্যা করা হয়েছিল!
অনেকে ধারণা করেন এবং প্রচার করেন যে, ইসা (আঃ)-এর পরিবর্তে সাহাবি এহুদা এসকারিয়াত-কে ক্রূশবিদ্ধ করা হয়েছিল। অথচ গ্রেপ্তার হওয়ার পরে ইসা (আঃ)-কে বিশ্বাসঘাতক এহুদার অবস্থান থেকে দূরে, মহাযাজক কায়াফার প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং এহুদা নিহত হবে কিভাবে? এছাড়াও নিশ্চিত প্রমাণ আছে যে, সে ক্রূশের ঘটনার পরেও জীবিত ছিল।
ইসা (আঃ) মনে করে ভুলবশত অন্য একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল!
অনেকে দাবি করেন যে, ইসা (আঃ) নয় বরং কিছু সময়ের জন্য তাঁর ক্রূশ-বহনকারী শিমিয়োন-কে (Simon of Cyrene) ক্রূশবিদ্ধ করা হয়েছিল, যিনি সাইরেন অঞ্চল থেকে আগত একজন ব্যক্তি ছিলেন। এমন হয়ে থাকলে ইহুদি শিমিয়োনকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল? এই ব্যক্তি আসলেই নিহত হয়ে থাকলে, তাঁর দুই তরুণ পুত্র - আলেকজান্ডার ও রুফাস (Alexander and Rufus) প্রতিবাদ করল না কেন?
‘চেহারা পরিবর্তন’ অথবা ‘ভুল ব্যক্তিকে হত্যা করা’ - আলেমদের প্রচারিত তত্ত্বের অসারতা
“অন্য কারো চেহারা ইসা (আঃ)-এর মতো করে দেয়া হয়েছিল, তাই ইসা (আঃ) মনে করে অন্য কোনো ব্যক্তি-কে হত্যা করা হয়েছিল” - এরূপ গল্প তাত্ত্বিক ক্ষেত্রে অনেক বড় জটিলতা তৈরি করে।
“অন্য কোনো নিরপরাধ ব্যক্তির চেহারা বদলে দিয়ে, তাঁকে ক্রূশবিদ্ধ করে হত্যার ব্যবস্থা করা” – প্রথমত, এটা আল্লাহর ন্যায়বিচার হতেই পারে না।
দ্বিতীয়ত, কোরআন বলছেঃ “তাঁরা সন্দেহের মধ্যে নিপতিত হয়েছিল।” (নিসাঃ ১৫৭)
এর অর্থ হতে পারেঃ তাঁরা (ষড়যন্ত্রকারীগণ) ভেবেছিল, ইসা মাসিহ মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি আসলে জীবিত-ই ছিলেন।
ইসা (আঃ) কি দ্বিতীয় আসমানে বসবাস করছেন?
আমি অনেকের কাছে শুনেছি যে, ইসা (আঃ) দ্বিতীয় আসমানে আছেন আর তিনি এখনও জীবিত আছেন। কোরআনের আয়াত বা সহি হাদিস এই দাবিকে সমর্থন করে না। এই ধরনের সকল বর্ণনা অনুমানের ওপরে ভিত্তি করে প্রচারিত হয়েছে।
বোখারি ও মুসলিম শরিফে বর্ণিত হাদিস দ্বারা এই বিষয়টি স্পষ্ট যে, রাসুল (সাঃ) মেরাজের রাত্রে হযরত ইসা (আঃ) এবং ইয়াহিয়া (আঃ)-এর সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ (বোখারিঃ ৩২০৭ ও মুসলিমঃ ৩০৮) করেন। কিন্তু ইসা (আঃ)-কে মৃত্যু ছাড়াই দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার এবং সেখানে তাঁর স্থায়ীভাবে বসবাস করার পক্ষে কোনো সহি হাদিস নেই।
মহান আল্লাহ কেন ইসা (আঃ)-কে বসবাসের জন্য নিরাপদ স্থান দান করেছিলেন?
কোরআনে, (সুরা) আল মু’মিনুন-এর ৫০ নম্বর আয়াতে আল্লাহ মানব জাতিকে জানাচ্ছেন, “আমরা মরিয়ম-পুত্র ও তাঁর মাতাকে করেছিলাম এক নিদর্শন, এবং তাদের উভয়কে আমরা আশ্রয় দিয়েছিলাম তৃণাচ্ছাদিত ও ঝর্ণাবিশিষ্ট এক পার্বত্য-উপত্যকায়।” (অনুবাদকঃ জহুরুল হক)
“আমি মরিয়ম-পুত্র আর তাঁর মাতাকে নিদর্শন করেছিলাম আর তাদেরকে স্বস্তি-নিরাপত্তা ও ঝর্ণা-বিশিষ্ট উচ্চস্থানে আশ্রয় দিয়েছিলাম।” (অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক-এর ‘তাফসির তাইসিরুল কোরআন’ থেকে)
এটা সুস্পষ্ট যে, কোরআনে উল্লেখিত এই বিশেষ স্থানটি কোনোভাবেই জান্নাত অথবা দ্বিতীয় আসমান-এর সাথে সম্পর্কযুক্ত কোনো কিছু নয়।
(এখন) প্রশ্নঃ মহান আল্লাহ কেন ইসা (আঃ)-কে এই স্থানটি বসবাস করার জন্য দান করেছিলেন?
(আলেমগণের মতবাদ অনুসারে) মহান আল্লাহ তো ইসা (আঃ)-কে নিজের কুদরত দ্বারা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তাহলে কোরআনে কি একই বিষয়ের দুই রকম বর্ণনা পাওয়া যাচ্ছে না?
কোরআনে সাংঘর্ষিক বর্ণনা!
কোরআনে বলা আছেঃ স্মরণ করুন, যখন আল্লাহ বললেন, “হে ইসা! নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নিব। অবিশ্বাসীদের কবল থেকে তোমাকে পবিত্র রাখব আর যারা তোমার আনুগত্য করেছে, তাদেরকে কেয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দিব। তারপর আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিব, যেটা নিয়ে তোমরা মতবিরোধ করতে।” (সুরাঃ আলে-ইমরান; আয়াতঃ ৫৫)
এই আয়াতের ব্যাখ্যায় (তাফসির) বলা হচ্ছেঃ মহান আল্লাহ ইসা (আঃ)-কে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি সেটা পূর্ণ করেছেন। ফেরেশতাদের দ্বারা ইসা (আঃ)-কে সশরীরে এবং নিরাপদে আসমানে উঠিয়ে নেয়া হয়েছে।
এই বক্তব্যের সমর্থনে তাঁরা কোরআনের অপর একটি আয়াত উপস্থাপন করেন।
সেখানে বলা আছেঃ (তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে) এই কথা বলার কারণে যে, “আমরা মরিয়ম পুত্র - ইসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল।” অথচ তাঁরা না তাঁকে হত্যা করেছে আর না শুলে চড়িয়েছে; বরং তাঁরা (ইসার মতো দেখতে অন্য ব্যক্তিকে হত্যা করেছিল) বিভ্রান্তির শিকার হয়েছিল। (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭)
অথচ আল্লাহ বলেন, “আমি মরিয়ম তনয় (ইসা) ও তাঁর জননীকে করেছিলাম এক নিদর্শন, আর তাদেরকে আশ্রয় দিয়েছিলাম প্রস্রবণ বিশিষ্ট নিরাপদ এক উচ্চভূমিতে।” (সুরাঃ আল মু’মিনুন; আয়াতঃ ৫০)
(এখন) প্রশ্নঃ কে মিথ্যা বলছেন? মহান আল্লাহ মিথ্যা বলছেন (আস্তাগফিরুল্লাহ), নাকি মুসলিম জাতির আলেম সম্প্রদায় মিথ্যা বলছেন?
যদি ইসা (আঃ)-কে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে স্বচ্ছ জলপ্রবাহ বিদ্যমান, এমন উচ্চভূমিতে আল্লাহ কাকে আশ্রয় দিলেন?
নিরাপদ ও ঝর্ণা বিশিষ্ট উচ্চভূমিতে যদি ইসা (আঃ)-কে আশ্রয় দেয়া হয়ে থাকে, তাহলে আসমানে কাকে উঠিয়ে নেয়া হলো?
মুসলিম জাতির আলেম সম্প্রদায়ের কাছে আমার প্রশ্ন এবং আবেদন
যদি কোরআন এবং হাদিসের সাথে সংযোগ থাকে, তাহলে আমার প্রশ্নের উত্তর উদঘাটন করুন এবং মুসলিম জাতিকে পথ দেখান।
কতিপয় মুসলিম আলেমের দ্বারা প্রদত্ত ব্যাখ্যা
প্রশ্নঃ “যদি ইসা (আঃ)-কে আসমানে উঠিয়ে নেয়া হয়ে থাকে, তবে উচ্চভূমিতে কাকে আশ্রয় দেয়া হলো?”
এর উত্তর অতি সহজ। এই দুইটি ঘটনা একই সময়ে ঘটেছে, এমনটা বলা নেই অথবা দুইটি আয়াতে এমন কোনো পূর্বশর্ত নেই। (সুরা) আল মু’মিনুন-এর ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবীর এই নির্দিষ্ট স্থানটি ইসা (আঃ) এবং তাঁর মাতার নিরাপদ আশ্রয়।
পক্ষান্তরে, (সুরা) আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াত অনুযায়ীঃ দায়িত্ব পালনের একটা পর্যায়ে ষড়যন্ত্রকারী ইহুদি এবং অবিশ্বাসী সম্প্রদায় ইসা (আঃ)-কে হত্যার উদ্দেশ্যে বন্দি করেছিল। কিন্তু মহান আল্লাহ পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁকে নিরাপদ রাখবেন।
(সুরা) আলে ইমরান-এর ৫৪ নম্বর আয়াত অনুযায়ীঃ পূর্বপ্রদত্ত প্রতিশ্রুতি মোতাবেক মহান আল্লাহ কৌশল প্রয়োগ করে - ইসা (আঃ)-কে ষড়যন্ত্রকারী ইহুদি এবং অবিশ্বাসী সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করেছিলেন।
আল মায়েদা-এর ১১৭; আন নিসা-এর ১৫৮ এবং আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াত অনুযায়ীঃ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ইসা (আঃ)-কে আসমানে উঠিয়ে নিয়েছিলেন।
(সুতরাং) প্রশ্নঃ “আল্লাহ কাকে উচ্চভূমিতে আশ্রয় দিয়েছিলেন?” উত্তরঃ (সম্ভবত) শিশু ইসা (আঃ) এবং তাঁর মাতাকে মহান আল্লাহ উচ্চভূমিতে আশ্রয় দিয়েছিলেন।
প্রশ্নঃ “আল্লাহ কাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন?” উত্তরঃ (পরবর্তী কালে) মহান আল্লাহ প্রাপ্তবয়স্ক ইসা (আঃ)-কে আসমানে উঠিয়ে নিয়েছিলেন।
যেহেতু কোরআনের বর্ণনা একটা অন্যটাকে বাতিল করছে না; এছাড়াও দুইটি ঘটনা ভিন্ন সময়ে ঘটেছে - সুতরাং এই দুইটি আয়াতে অসামঞ্জস্য অথবা পরস্পর-বিরোধ দৃশ্যমান হয় না।
মুসলিম আলেমগণের উপস্থাপিত যুক্তি খন্ডন ও সন্দেহ নিরসন
(সুরা) আল মায়েদা-এর ১১৭; আন নিসা-এর ১৫৮ এবং আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াতে বলা হয়েছেঃ মহান আল্লাহ ইসা (আঃ)-কে আসমানে তুলে নিয়েছেন।
(সুরা) আল মু’মিনুন-এর ৫০ আয়াতে বলা হয়েছেঃ পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে ইসা (আঃ) এবং তাঁর মাতাকে নিরাপদে আশ্রয় দেয়া হয়েছে।
দুইটি ঘটনা নিঃসন্দেহে ভিন্ন সময়কালের। কিন্তু আলেম সম্প্রদায় এই আয়াত-কে (মু’মিনুনঃ ৫০) যদি ইসা (আঃ)-এর শিশুকালের বর্ণনা বলে মিথ্যাচার করতে চান, তাহলে তো নিশ্চিত বিপদ। কোরআনে তাঁর কর্ম-চরিত্রসহ জীবনের বিভিন্ন পর্যায়ের বর্ণনা আছে। যা থেকে একত্ববাদ, ধৈর্য, নম্রতা ও আল্লাহর শক্তির উপর নির্ভর করা – ইত্যাদি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি।
ক) সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রেরিত বার্তাবাহক, ইসা (আঃ)-এর শিশুকাল সম্পর্কে বলা হয়েছে, “দোলনায় থাকা অবস্থায় এবং মধ্যবয়সে তিনি মানুষের সাথে কথা বলবেন। তিনি হবেন পূণ্যবানদের একজন।” (সুরাঃ আলে ইমরান; আয়াতঃ ৪৬)
ভিন্ন একটি অনুবাদঃ “সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায় আর পরিণত বয়সেও এবং সে পুণ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে।”
(সুতরাং) কোরআনের আয়াত অনুযায়ীঃ ইসা (আঃ)-কে শিশুকালে বাকশক্তি প্রদান করার বিষয়ে বলা হয়েছে, তাঁকে নিরাপদে আশ্রয়দানের বিষয়ে বলা হয়নি।
খ) মানুষের কখন ‘বিশেষ নিরাপত্তা’ প্রয়োজন হয়? উত্তরঃ অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং সংকটকালীন সময়ে বিশেষ নিরাপত্তা প্রয়োজন হয়।
আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াতে উল্লেখিত ‘বিশেষ নিরাপত্তা’ কি ইসা (আঃ)-এর শিশুকালে প্রয়োজন ছিল? ইসা (আঃ)-এর জীবনী পর্যালোচনা করলে এবং কোরআনের আয়াত বিশ্লেষণ করলে বলা যায়ঃ শিশুকালে এই বিশেষ নিরাপত্তার প্রয়োজন ছিল না। দোলনায় থাকা অবস্থায় বাকশক্তি দান করে মহান আল্লাহ - ইসা (আঃ)-কে এবং তাঁর মাতাকে - ইহুদিদের সমালোচনা, আক্রমণ এবং অপবাদ থেকে মুক্ত করেন।
গ) পূর্বে আল্লাহ ইসা (আঃ)-কে নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। (সুরা) আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াতে উক্ত প্রতিশ্রুতির বিশদ বর্ণনা আছে।
সুতরাং এই আয়াত (মু’মিনুনঃ ৫০) যদি ইসা (আঃ)-কে শিশুকালে প্রদত্ত নিরাপত্তা বিষয়ক বর্ণনা হয় - তাহলে পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতির (আলে ইমরানঃ ৫৫) বিপরীতে আল্লাহ কোন কর্ম সম্পাদন করেছিলেন? আল্লাহ চরম বিপদকালে ইসা (আঃ)-কে কেমন নিরাপত্তা দিয়েছিলেন?
যদি এই প্রশ্নের উত্তরে বলা হয়ঃ “মহান আল্লাহ - ইসা (আঃ)-এর চরম বিপদকালে তাঁকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন।”
তাহলে কোরআনের দুইটি আয়াতের বর্ণনাকে সাংঘর্ষিক হিসেবে প্রতিষ্ঠা করা যায়। যদি ইসা (আঃ)-কে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে স্বচ্ছ জলপ্রবাহ থাকা উচ্চভূমিতে আল্লাহ কাকে আশ্রয় দিলেন? জলপ্রবাহ আছে - এমন নিরাপদ এক উচ্চভূমিতে যদি ইসা (আঃ)-কে আশ্রয় দেয়া হয়ে থাকে, তাহলে আসমানে কাকে উঠিয়ে নেয়া হলো?
মুসলিম জাতির আলেম সম্প্রদায়ের কাছে পুনরায় প্রশ্ন এবং আবেদন
যদি কোরআন এবং হাদিসের সাথে সংযোগ থাকে, তাহলে আমার প্রশ্নের উত্তর উদঘাটন করুন এবং মুসলিম জাতিকে পথ দেখান।
উত্তর দেওয়ার জন্য লগইন করুন
এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।